নিম্নমানের ইট দিয়ে সড়কের কাজ, যা করলেন উপজেলা চেয়ারম্যান
চট্টগ্রামের চন্দনাইশে নিম্নমানের ইট দিয়ে চলছিল সড়ক নির্মাণের কাজ। পরিদর্শনে গেলে বিষয়টি নজরে আসায় নির্মাণকাজ বন্ধ করে দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামেলা খানম রূপা।
শুক্রবার উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ থেকে বড়ুয়া পাড়া সড়কটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে সড়কে ব্যবহার করা নিম্নমানের ইটগুলো পরিবর্তন করে ভালো ইট দিয়ে সড়কের কাজ করার নির্দেশ দেন উপজেলা চেয়ারম্যান।
জানা গেছে, ৮২ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ চলছে। নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করতে দেখে বাধা দেন এলাকাবাসী। একইসঙ্গে বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের নজরে আনেন তারা। এরপরই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান কামেলা খানম রূপা। নিম্নমানের ইট ব্যবহারের প্রমাণ পেয়ে ঠিকাদারকে সেগুলো পরিবর্তন করে ভালো ইট দিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
এ সময় উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মোবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী বলেন, সড়কটির কাজ মেসার্স এইচ আর এন্টারপ্রাইজের পরিচালক ওয়াহেদ করছেন। শুক্রবার উপজেলা চেয়ারম্যান সড়কটি পরিদর্শন করে এরইমধ্যে ব্যবহার করা নিম্নমানের ইটগুলো অপসারণ করে এক নম্বর ইট দিয়ে কাজ করার নির্দেশনা দেন।