নিহতের পরিবারের সদস্যদের দাবি, সদ্য সমাপ্ত হওয়া যশোর সদর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
নিহত মোহাম্মদ আলী যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন বলে জানা গেছে। তিনি একই এলাকার বাহাদুরপুরের আব্দুর রহমানের ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় খাওয়া আয়োজন করেন। খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ৪-৫ জন যুবক এসে তার মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. সুজায়েত জানান, হাসপাতালে আসার আগেই আলীর মৃত্যু হয়েছে। তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনী কোনো বিষয় আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।