বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী জলোচ্ছ্বাস এবং ভূমিধসের বিষয়ে কাউন্সিলরদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে চসিকের পক্ষ থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার জন্য চট্টগ্রামে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (১৯ জুন) সকালে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এ সতর্কবার্তা জারি করে।
.png)
আবহাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী- আগামী তিন দিন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হবে। আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে চট্টগ্রামের কোথাও কোথাও দেখা দিতে পারে পাহাড়ধস।