ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ট্রাক, টোল আদায়কারী নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৪ জুন ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ট্রাক, টোল আদায়কারী নিহত
টোলপ্লাজা। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা নামে ব্রিজের টোল আদায়কারী এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় টোলপ্লাজার টোল ঘর ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। সোমবার সকালে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা জামালপুর জেলার বকসিগঞ্জ থানার ফজল হকের ছেলে। তিনি তিন বছর থেকে রেগনাম পেন্টা নামে টোলপ্লাজার মালিকের অধীনে কর্মরত ছিলেন।

টোলপ্লাজার অন্যান্য লোকজন জানান, সকালের দিকে রংপুর থেকে লালমনিরহাটগামী একটি ১০ চাকার পণ্য বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় ঢুকে পড়ে। এ সময় টোল আদায় করা মাসুদ রানা নামে এক শ্রমিক ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে শরীর থেকে হাত-পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে টোলপ্লাজায় ডিউটিরত পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটিসহ ট্রাকের চালক ও সহকারীকে আটক করে। 

Advertisement

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ছিন্ন বিছিন্ন শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে মর্গে পাঠায়।

টোলপ্লাজার স্বত্বাধিকারী রেগনাম পেন্টা গ্রুপের ম্যানেজার শহিদ বলেন, মাসুদ গত তিন বছর থেকে আমাদের কোম্পানিতে সততার সঙ্গে কাজ করে আসছে। তার এই অকাল মৃত্যুতে আমরা শোকাহত। সেই সঙ্গে ঘাতক ট্রাক ড্রাইভারের কঠিন শাস্তি দাবি করেন তিনি।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ড্রাইভার ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!