বুধবার মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল থেকে শিক্ষার্থীরা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিল। দুপর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সিগন্যাল দেয়। তবে চালক তা অমান্য করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কয়েকশ ফুট সামনে কয়েকজন ছাত্র রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করলে গাড়িটির হেলপার ছাত্রদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চালককে নির্দেশনা দেয়।
.png)
এক পর্যায়ে শিক্ষার্থীরা ভ্যানটির চারদিক ঘিরে ফেললে সেটি আর পালিয়ে যেতে পারেনি। এরপর গাড়িটি তল্লাশি করে হেলপারের কাছ থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হেলপার সোহাগ পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে ছাত্রদের গুলি করার চেষ্টা করে।
আরো জানা গেছে, উত্তেজিত জনতা কাভার্ডভ্যানে থাকা মূল্যবান ওষুধ লুট করে নিয়ে যায়। গাড়িটির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপার সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করে ছাত্ররা।
গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ছাত্ররা ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। ইয়াবা এবং জব্দ করা কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।