১০ দিনে আগে কেনা বাইকে প্রাণ গেল নোমানের
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান হোসেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জানা যায়, ১০ দিন আগে গরু বিক্রি করে মোটরসাইকেলটি কিনেছিলেন নোমান। রোববার সকালে সেই মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন নোমান। পথে ওলিনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নোমান। এতে সড়কের ওপরে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বামন্দী ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রুবেল রানা।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।