ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যায় বিধ্বস্ত ব্রিজ, জনদুর্ভোগ চরমে

আবদুল্লাহ আল-মামুন, ফেনী
প্রকাশিত: ১০:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৪
বন্যায় বিধ্বস্ত ব্রিজ, জনদুর্ভোগ চরমে
বন্যায় বিধ্বস্ত ব্রিজ, জনদুর্ভোগ চরমে। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে বন্যার পানির প্রবল চাপে ও মুছাপুর রেগুলেটর ভেঙে পানি বিলীনের প্রভাবে একটি ব্রিজ ভেঙে পড়েছে। উপজেলার চর দরবেশ ইউনিয়নের উত্তর চর সাহাভিকারী এলাকার এ ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে কাজিরহাট-কারামতিয়া হয়ে সোনাগাজীতে সরাসরি যাতায়াত। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের হাজার হাজার মানুষ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, দুইপাশের সড়ক ভেঙে ব্রিজটি খালের পানিতে ডুবে রয়েছে। মুছাপুরের দিকে থেকে ছোট ফেনী নদীর পানি খালে ঢুকে কয়েক মিনিট পরপর পাড় ভেঙে পড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এ এলাকায় কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়সহ চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কোনমতে চলাচলের জন্য স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ২৪ আগস্ট বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজের উত্তর পাশের মাটি সরে যায়। ২৬ আগস্ট মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর ছোট ফেনী নদী থেকে সরাসরি জোয়ারের পানি খালে প্রবেশ করলে দক্ষিণ পাশ থেকেও মাটি সরে যায়। এতে ব্রিজটি খালে ধসে পড়ে।

Advertisement

বন্যায় বিধ্বস্ত ব্রিজ, জনদুর্ভোগ চরমেআবু আব্দুল্লাহ নামের একজন বলেন, মানুষের দুর্ভোগ কমাতে হলে প্রথমে মুছাপুর রেগুলেটর ও তারপর এ ব্রিজটি পুনর্নির্মাণ করতে হবে। ব্রিজটি ভেঙে পড়ায় বাজারের পণ্যবাহী গাড়িগুলো অনেক দূরের রাস্তা ঘুরে আসতে হচ্ছে। এতে পরিবহন খরচ বৃদ্ধি পেয়ে পণ্যের দাম বেড়ে যাবে। 

শফিউল আজম নামে এক বাসিন্দা বলেন, রেগুলেটর না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে খালের পাড়সহ রাস্তা ভাঙছে। এতে অনেকের খামারসহ ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা হচ্ছে।

সাইফুল আলম নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ব্রিজটি পানির তোড়ে ভেঙে যাওয়ায় এখন এ পথে চলাচল বন্ধ হয়ে গেছে। বিকল্প পথে ঘুরে দুই মিনিটের রাস্তা যেতে প্রায় আধাঘণ্টা সময় লাগছে। এতদিন কাজীরহাট থেকে এ ব্রিজ দিয়ে কেরামতিয়া হয়ে সোনাগাজী সহজে যাতায়াত করা যেত।

জানতে চাইলে সোনাগাজী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ বলেন, এরইমধ্যে ভেঙে যাওয়া ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। জেলা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শন করলে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!