ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষ, আহত ৩০

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১ জানুয়ারি ২০২৫
পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে সংঘর্ষ, আহত ৩০
ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার দুপুরে বেড়া বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয়। দু’দিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এলে হালকা ধাক্কা লাগে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এরপর মসজিদের মাইকে মাইকিং করে উপজেলার পৌর এলাকার হাতিগাড়া ও বনগ্রাম সওদাগর পাড়ার মধ্যে এলাকাভিত্তিক সংঘর্ষে জড়ায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষকারীরা। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে লিপ্ত দুটি মিছিলের একটির নেতৃত্বে ছিলেন বেড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুরাদ ও অন্যটির নেতৃত্বে পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক প্রান্ত সওদাগর এবং ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বক্কার।

Advertisement

এদিকে, আহতরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। সংঘর্ষে লিপ্ত দুই গ্রুপের কারোর সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই এলাকাসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় সংঘর্ষে লিপ্ত হন তারা। এরপর এটি ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। সেনাবাহিনী এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!