ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে নৌকাডুবি, নিখোঁজ মাহিয়ানের মরদেহ উদ্ধার

বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯, ২৬ জুলাই ২০২৬
বান্দরবানে নৌকাডুবি, নিখোঁজ মাহিয়ানের মরদেহ উদ্ধার
ছবি ডেইলি বাংলাদেশ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের ‘রাজা পাথর’ (বংডহ) এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর রোববার (২৬ জুলাই) সকালে উদ্ধারকারী দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় সাঙ্গু নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাওয়াদ-উল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

Advertisement

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ১৩ জনের একটি পর্যটক দল তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেন। পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে সাতজন পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও জাওয়াদ নিখোঁজ হন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন।

রোববার সকালে বড় পাথর ও তিন্দুমুখের মাঝামাঝি স্থানে নিহতের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!