ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সব উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট

শরণখোলা (বাগরেহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ২৬ জুলাই ২০২৬
সব উপজেলা হাসপাতালে চালু হবে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট
বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশের হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, স্বাস্থ্য খাতের সংকট কাটাতে শিগগিরই দেশে আরও নতুন চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এছাড়া ইতোমধ্যে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Advertisement

মন্ত্রী আরও জানান, নিকট ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালেই ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। গত ১৭ বছরে বিগত সরকার স্বাস্থ্যসেবায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!