সরকারি ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদের নির্দেশ জেলা প্রশাসকের
সরকারি ওয়েব পোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ এবং নাগরিকদের সহজে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে সকাল সাড়ে ৯টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.png)
সভায় টিআইবি ঝালকাঠির পর্যবেক্ষণে সরকারি ওয়েব পোর্টালে তথ্য হালনাগাদ ও নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
সনাকের সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার, টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং টিআইবির সনাক সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনায় তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য পাওয়ার প্রক্রিয়া, নাগরিকের তথ্য জানার অধিকার এবং তথ্য সরবরাহে সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, সরকারি তথ্য সহজলভ্য হলে নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ে। একই সঙ্গে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ অপতথ্য প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।