সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জানীগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে শিউলি রাণী (৩০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাতে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ।
.png)
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জগামী একটি গেইটলক বাস জানীগাঁও এলাকায় পৌঁছালে চালক হঠাৎ হার্ডব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় শিউলী রাণী উল্টে যাওয়া বাসের নিচে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য যাত্রীদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।