নাটোরে পায়ুপথে লুকানো হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরে পাচারকালে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় এক আসামির পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় লুকানো অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা এলাকার আসাদ কম্পিউটারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ (সিপিসি-২, নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আলিপুর মহিষালবাড়ী গ্রামের মো. আকতারের ছেলে মো. সাকিবুর রহমান ওরফে সাকিব(৩৮) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর জোরপুকুরিয়া গ্রামের বদিউজ্জামান আকন্দের ছেলে মো. মিন্টু আকন্দ (৪৩)।
.png)
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামি সাকিব স্বীকার করেন তার পায়ুপথে বিশেষ উপায়ে মাদক লুকানো রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সে নিজ হাতে তার মলদ্বার থেকে পলিথিনে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন বের করে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানায়, রনি নামে এক মাদক কারবারির কাছ থেকে এই হেরোইন সংগ্রহ করে পায়ুপথে বহন করে আসামি মিন্টু আকন্দের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি নাটোরে এসেছিলেন।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।