গোয়ালন্দে বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. মুক্তার হোসেন মোল্লা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার মুক্তার হোসেন উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার আরজান মোল্লার ছেলে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
.png)
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘নিউ ক্লাসিক্যাল’ নামের একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাসটির মালিক এসএম সুলতান আহমদ বাদী হয়ে রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বাসটিতে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
ওসি আরও বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে অগ্নিসংযোগের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সম্পৃক্ততা ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।