শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি, আনন্দ মিছিলে নেতাকর্মীদের ঢল
শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর শহরে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
মিছিলে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
এর আগে ২০ সেপ্টেম্বর শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি এবং নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা বলেন, ‘আজকের আনন্দ মিছিলে শরীয়তপুরের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা সুন্দর একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে চাই।’
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ‘কমিটি ঘোষণার পর আমরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মিছিলে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। এ কারণে বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নিয়েছেন।’
তিনি বলেন, ‘নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রেও আমরা ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব দিতে চাই।’