ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মাহিদা হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুগঞ্জের আন্দিদিল গ্রামবাসীর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত মাহিদার মা মনিরা আক্তার ও চাচা সজিবসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিচারহীনতার সুযোগে একের পর এক গুরুতর অপরাধের ঘটনা ঘটছে। সাত বছরের শিশু ও মাদরাসাছাত্রী মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
.png)
মানববন্ধন থেকে মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলামের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। কর্মসূচি শেষে দ্রুত বিচার দাবিতে জেলা প্রশাসক মো. আবুসাঈদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে পানি খাওয়ানোর কথা বলে মাহিদাকে একটি বসতঘরে ডেকে নেওয়ার পর ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে আদালতে জাহিদুল ইসলামের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। মামলার নথি অনুযায়ী, আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।