ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পণ্যের বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ২৬ হাজার ৫৪০ টাকা।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ডার্ক চকলেট, রেডবুল এনার্জি ড্রিংকস, সেভেন অয়েল, নবরত্ন তেল, ফুসকা, বাসমতি চাল, বাজি, মুভ স্প্রে, শ্যাম্পু, শাড়ি, গরু, থ্রি-পিস, জিরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা ভারতীয় পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়েছে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।