ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অফিস সহায়ক আটক

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ৫ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অফিস সহায়ক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর ১১২ নম্বর আউলিয়াপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক পান্নু খানকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান  বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ অক্টোবর বিকেলে ফুল দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান পান্নু খান। সেখানে শিশুটিকে অনাকাঙ্ক্ষিতভাবে হয়রানি ও জোর করে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।

এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্ত পান্নু খানকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী শিশুর মা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

স্থানীয়রাও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সচেতন মহল বলছে, অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা এবং মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!