জামালপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, শিশু নিখোঁজ
জামালপুরের মাদারগঞ্জে মাটি চাপা, সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার ইসলামপুরে বিলের পানিতে গোসল করতে নেমে আট বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১১ অক্টোবর) এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী বাটালু ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটিচাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার উত্তর জোরখালি মিলন বাজার এলাকার মনি মাস্টারের বাড়ির অজুদ্দির ছেলে।
অন্যদিকে, দুপুরে ভাগ্নের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হোসেন আকন্দ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সরিষাবাড়ী উপজেলায় যাচ্ছিলেন। পথে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেপাড়া এলাকায় একটি অটোরিকশা উল্টে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি নাদাগাড়ি এলাকার বাসিন্দা।
এদিকে, মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী রাতুল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাতুল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, জেলার ইসলামপুর উপজেলায় বিলের পানিতে গোসল করতে নেমে রাতুল (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার পচাবহলা এলাকার আলাইবিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল পচাবহলা ঘোনাপাড়া এলাকার আলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে তার বন্ধুরা পানি থেকে উঠে এলেও সে আর উঠে আসেনি। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তার খোঁজে তল্লাশি শুরু করেন।
এ বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলায় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে। সেখান থেকে দ্রুত উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে দ্রুত ডুবুরি দল পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পৃথক এসব ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যুতে সংশ্লিষ্ট পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।