ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
কাজীপুরে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা ও ইছামতী নদীতে জেগে ওঠা চরে এবং সমতলে আগাম শীতকালীন (খরিপ-২) সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রায় সব গ্রামেই এখন আগাম জাতের সবজি চাষের ধুম পড়েছে। বাজারে বেশি দাম ও ভালো মুনাফার আশায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন চাষিরা।
সরেজমিন যমুনা ও ইছামতী নদীর বিভিন্ন চর এবং গ্রাম ঘুরে দেখা গেছে, চাষিদের কেউ জমি তৈরিতে ব্যস্ত, কেউ নতুন চারা রোপণ করছেন, আবার কেউবা আগে লাগানো ছোট চারার নিবিড় পরিচর্যা করছেন। বাজারে মৌসুমে নতুন সবজির প্রচুর চাহিদা থাকে। ফলে ভালো দাম পাওয়ায় আগাম চাষে মুনাফার সম্ভাবনা অনেক বেশি বলে জানান চাষিরা।
কৃষকরা এখন লালশাক, মুলা, ফুলকপি, বাঁধাকপি, ঢ্যাঁড়শ, পুঁইশাক, টমেটো, লাউ ও মিষ্টিকুমড়াসহ নানা জাতের সবজি আবাদ করছেন। ইতোমধ্যে অনেক কৃষক আগাম সবজি বাজারে তুলতে শুরু করেছেন এবং প্রত্যাশিত দামও পাচ্ছেন।
তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া নিয়ে চিন্তিত কৃষকরা। পাঁচগাছি গ্রামের অভিজ্ঞ সবজি চাষি বাদশা মিয়া জানান, সার, বীজ ও কীটনাশকের দাম আগের চেয়ে অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে দিনমজুরের পারিশ্রমিকও। উৎপাদন খরচ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় আগের মতো লাভ হচ্ছে না, তাই বাধ্য হয়ে আবাদের জমিও কিছুটা কমাতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কাজীপুরে ৪৫২ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৩৫২ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ বছর আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ও গতি বেশ ভালো। কৃষকদের সুষম সার ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকরা যেন আগাম সবজি বিক্রি করে লাভবান হতে পারেন, সে লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।