ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৩ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও সংবর্ধনা
মিরসরাইয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বারইয়ারহাট ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬৭ জন অসচ্ছল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক সাইদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “শিক্ষার্থীরা একেকটি ফুল। এরা যেন সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে সুবাস ছড়াতে পারে, সেজন্য শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকদের সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে মিরসরাইয়ের নেতৃত্ব দেবে, তারাই আমাদের ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে কলেজের সার্বিক অগ্রগতি, জাতীয়করণ, শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করার নানা দিক নিয়ে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপাধ্যক্ষ বোরহান উদ্দিন ও সহযোগী অধ্যাপক মিনহাজ উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, সদস্য কামরান সরওয়ার্দীসহ স্থানীয় সুধীজন।

আয়োজনের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে থেমে না যায়, সেই লক্ষ্যেই অসচ্ছলদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। এতে আর্থিক চাপ কিছুটা লাঘবের পাশাপাশি শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস বাড়াতে ও মেধার মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!