নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুরের দক্ষিণ লালপুর এলাকার ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান বাপ্পী (৪৮) এবং উত্তর লালপুর এলাকার মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরিফুজ্জামান বাপ্পী উদ্ধার করা হেরোইন মোটরসাইকেলে বহন করে জিল্লুর রহমানের কাছে বিক্রির উদ্দেশ্যে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে পারস্পরিক যোগাযোগের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাঁদের হেফাজত থেকে ৫২৫ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।