বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
গাজীপুরের শ্রীপুরে বাবা আব্দুস সামাদকে (৬০) লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর ছেলে আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে দুদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামের এক প্রতিবেশীর বাড়ি থেকে তাঁকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের স্বজন পুষ্প জানান, বাবাকে হত্যার ঘটনার পর আনোয়ার আত্মগোপনে চলে যান। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাচ্ছিলেন না। মঙ্গলবার রাতে প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে বাড়ির লোকজন তাঁকে দেখতে পান। স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরতে এগিয়ে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সাইটালিয়া গ্রামে নেশার টাকা না পাওয়া ও পারিবারিক কলহের জেরে আনোয়ার তাঁর বাবা আব্দুস সামাদকে লাঠি দিয়ে মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে আব্দুস সামাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।