ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪০, ২৮ অক্টোবর ২০২৬
‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান
ছবি: সংগৃহীত

কখনো তৈরি করে ভুল বোঝাবুঝি, কখনো প্রেম সাহস জোগায়, আবার কখনো অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে বদলে যায় জীবনের গতিপথ। প্রেম, ছলনা আর পারিবারিক সিদ্ধান্তের এক রহস্যময় গল্প ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পরিচালক নাজনীন হাসান খান।

নাটকটিতে অভিনয় করেছেন- আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, আরও অনেকে। পরিচালক নাজনীন হাসান খান বলেন, "প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়।

সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ‘ভালোবাসার মায়া’ নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি।"

গল্প দেখা যাবে, প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ করিমের ছেলে আরিয়ান। পরিবারের সবার কাছে আরিয়ান শান্ত ও দায়িত্বশীল হলেও নিজের পছন্দ-অপছন্দ প্রকাশের ক্ষেত্রে বেশ দ্বিধাগ্রস্ত। এলাকার এক সুন্দরী তরুণী সানজিদাকে তার ভালো লাগে। কিন্তু আরিয়ান লাজুকতার কারণে বলতে পারে না। সানজিদা বিষয়টা বুঝতে পারে এবং আরিয়ানের সাথে মজা নিতে থাকে। শুরুতে শুধুই মজা করার জন্য সানজিদা প্রেমের টপিকস নিয়ে কথাবার্তা বলে। আরিয়ান সানজিদার সেই ছলচাতুরি বুঝতে পারে না।

হঠাৎ একদিন জানতে পারে সানজিদার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই। ছেলে অস্ট্রেলিয়ার গ্রিনকার্ডধারী। সানজিদার মুখে অনায়াসে এসব শোনার পর আরিয়ানের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সত্য জানার জন্য আরিয়ান ছুটে যায় সানজিদার বাড়িতে। সানজিদার মা জানায়, এইটা বছর দু’য়েক আগেই কথাবার্তা ফাইনাল হয়ে আছে। আরিয়ান আরও ভেঙ্গে পড়ে।

সব ভুলে সে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু পারে না। নিজের সাথে লড়াই করাই যেন এখন তার একমাত্র কাজ। তবুও কোনো কিছুতেই মন বসে না। সানজিদার কাছে আরিয়ানের ধ্বংস হওয়া জীবনের খবর প্রতিনিয়তই পৌঁছতে থাকে। প্রথম দিকে সানজিদা এগুলোকে হাসি-তামাশায় উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত তার মনে মায়া তৈরি হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!