দক্ষ জনশক্তি তৈরিতে জেলায় জেলায় প্রশিক্ষণের পরিকল্পনা
আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা বাড়ানো, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দালালের প্রলোভনে অবৈধ পথে বিদেশ যেতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হন। এ ধরনের ঝুঁকি কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। একই সঙ্গে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীদের প্রতারণা থেকে সুরক্ষা দিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এর আগে মন্ত্রী আনসার-ভিডিপি একাডেমিতে বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি ও বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।