ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

নোট-গাইড বই ছাপালে ধরা খাবেন, প্রকাশকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ২৮ অক্টোবর ২০২৬
নোট-গাইড বই ছাপালে ধরা খাবেন, প্রকাশকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি

নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে নিশ্চিতভাবে ধরা পড়তে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গাইড বইওয়ালারা (প্রকাশক) একটু সাবধানে থাকবেন। তড়িঘড়ি করে লাখ লাখ কপি গাইড বই ছাপাবেন না। এবার কিন্তু ধরা খাবেন, নিশ্চিত বলে দিচ্ছি, ধরা খাবেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শুধু সার্টিফিকেট দিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি, বরং সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তাদের দক্ষ করে তোলার লক্ষ্যেই এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, অনেকের শিক্ষাজীবন শুরু হয়, কিন্তু বিভিন্ন কারণে তা শেষ করতে পারেন না। তাদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে হবে এবং সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আর এটাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব।

ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বেগম খালেদা জিয়া বাউবি প্রতিষ্ঠা করেন। এখানে শিক্ষাজীবনে অনিয়মিত শিক্ষার্থীরাও বয়সের বাধা পেরিয়ে শিখতে পারেন। শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে গড়ে তোলার ধারাবাহিকতায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আরও যুগোপযোগী করা হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও আধুনিক ও উন্নত করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে সরকার টিভিইটি বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্বারোপ করেছে। সে লক্ষ্যে সম্প্রতি আমরা ‘বেইজিং অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছি, যার ফলে চীনের সাথে দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করে এই সেক্টরে আমরা আরো এগিয়ে যেতে পারি।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ‘ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (আইটিভেট)’ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!