ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে একজন কর্মীর মালয়েশিয়া যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে বলে জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীতে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল হক বলেন, নভেম্বরের শুরুতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা চালু হলে দুই থেকে চার দিনের মধ্যে তা শেষ করে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। আগামী ১ নভেম্বর অথবা মাসের প্রথম সপ্তাহেই ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করা হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষ তালিকাটি প্রকাশ করবে বলে বাংলাদেশকে জানিয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের ওয়েবসাইটেও তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার খরচ নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হয়েছে। কিছু প্রক্রিয়া এখনো বাকি থাকলেও নভেম্বর থেকে কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা চালু হবে বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়ার অনুমোদিত ৩৩৮টি বড় নিয়োগকারী প্রতিষ্ঠানের তালিকা পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী চাহিদাপত্র জমা পড়েছে। মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগব্যবস্থা এফডব্লিউসিএমএস এবং বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট সেবার মাধ্যমে এসব চাহিদাপত্র জমা দেওয়া হচ্ছে।

তবে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন ছাড়া কোনো চাহিদাপত্র গ্রহণযোগ্য হবে না বলে জানান নুরুল হক। তিনি বলেন, চাহিদাপত্র সত্যায়নের পাশাপাশি কর্মীদের অনুমোদিত কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।

অনুমোদনহীন মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রতারণা ও বিভ্রান্তির আশঙ্কা থাকায় কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার স্বাস্থ্য পরীক্ষা শুরুর বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। অনুমোদিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও পরীক্ষা না করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মালয়েশিয়া যেতে কত খরচ হবে

কর্মী পাঠানোর খরচ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি বা ব্যক্তিগতভাবে প্রচারিত কোনো খরচকে চূড়ান্ত ধরে নেওয়া যাবে না। সরকার আনুষ্ঠানিকভাবে নির্ধারিত খরচ জানাবে।

তিনি জানান, প্রাথমিক আলোচনা অনুযায়ী বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হতে পারে। বেসরকারি এজেন্সির মাধ্যমে যাওয়ার ব্যয়ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে বিদেশে যাওয়া সম্ভব নয়। বিমানভাড়া, স্বাস্থ্য পরীক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের নির্ধারিত সেবা ফি দিতে হয়। তবে সরকারের লক্ষ্য হচ্ছে, কর্মীরা যাতে সর্বনিম্ন খরচে বিদেশে যেতে পারেন।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে। পরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্ধারিত খরচ সরকার আনুষ্ঠানিকভাবে জানাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর আগে ব্যক্তিগতভাবে প্রচারিত তথ্যের ভিত্তিতে কাউকে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!