ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

এনআইডি সার্ভার ‘বন্ধ’, অনলাইন সেবা বিঘ্নিত ৩ ঘণ্টা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:০১, ২৮ অক্টোবর ২০২৬
এনআইডি সার্ভার ‘বন্ধ’, অনলাইন সেবা বিঘ্নিত ৩ ঘণ্টা
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের সার্ভার বন্ধ থাকায় বুধবার (২৮ অক্টোবর) তিন ঘণ্টা বিঘ্নিত হয়েছে এনআইডির অনলাইন সেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সার্ভার বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বিশ্বজুড়ে ওয়েবসাইট তৈরির অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ায় সাইবার হামলার আশঙ্কায় ইতোমধ্যে দেশের কয়েকটি ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল।

এনআইডি সার্ভারে এ ধরনের কোনো জটিলতা হয়েছে কি না, জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, পিএইচপির ত্রুটির কারণে এনআইডির তথ্যভাণ্ডারে সাইবার হামলার কোনো ‘আশঙ্কা নেই’।

তিনি বলেন, আমরা ইন্টারনাল সার্ভারভিত্তিক সেবা দিয়ে থাকি। তবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনলাইন সেবা বিঘ্নিত হয়। এ নিয়ে কারিগরি দল কাজ করছে। ইতোমধ্যে সার্ভার চালু হয়ে গেছে।

এ নিয়ে ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ বলেও জানান তিনি।

পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে সাইবার হামলার ঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!