সিরাজগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
সিরাজগঞ্জে আগাম জাতের রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠজুড়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছরের রোপা আমন মৌসুমে জেলার প্রায় সব উপজেলায় ধানের ভালো ফলন হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জ জেলায় ৭৬ হাজার ৮২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। মাঠের সোনালি ধান ঘিরে কৃষকদের মনে এখন আনন্দ ও আশার সঞ্চার। আগাম জাতের রোপা আমন ধান কেটে বাড়ির আঙিনায় মাড়াইয়ের কাজ শুরু করেছেন।
উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের কৃষক হাবিউজ্জামান জানান, রোপা আমন ধানের ভালো ফলন হয়েছে । ইতিমধ্যেই ধান কাটা শুরু হয়েছে । কৃষকরা এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন ।
সদর উপজেলার রতনকান্দি এলাকার কৃষক আবুল হোসেন বলেন, আমন ধান কাটা শুরু হয়েছে, ফলনও ভালো। অনেকে এই ধান কেটে সরিষার আবাদ করবে ।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন জানান, উপজেলায় ১৪হাজার ৩৬৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা বলেন, ‘জেলায় মোট ৭৬ হাজার ৮২৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ফলন বেশ ভালো হয়েছে ।