ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

বুকের ভেতর তুমি

ইবনুস সাবীল
প্রকাশিত: ১১:৪১, ২৯ অক্টোবর ২০২৬
বুকের ভেতর তুমি
তবু একটি স্ফীত হাসির মতো ভার নড়ে ওঠে আমার  সর্বশরীর বেয়ে

কেবলই মনে হয় বুকের মধ্যে তোমাকে বয়ে বেড়াচ্ছি।
একটি সন্ধ্যাতারা, ডাহুক পাখি
অথবা শিউলি ফুলের মতো ভার!
শীতের বাতাসে বুকের মধ্যে ঝড় তোলে বারবার।

আমায় দখল করে ওঠে যাচ্ছো তুমি ঘাড়ে, হাড়ে, মাথায়।
তবু একটি কাগুজে ঋতু নিয়ে দিব্যি হেঁটে যাচ্ছি আমি
এখানে-সেখানে যত্রতত্র অন্ধকার গলিময়।

​মনে হয় তোমায় বহন করছি সারাটি জীবন—
সন্ধ্যাতারা, কালো ডাহুক, কিংবা শিউলি ফুল!

​আমায় অবশ করে খেয়ে যাচ্ছো তুমি সমস্ত বিবর্ণতা,
নিরানন্দ এবং সমূহ সঙ্কট।

সব পেরিয়ে ঢুকে যাচ্ছো মগজকোষে,
সকল ভেদ করে মিশে যাচ্ছো অস্থি মজ্জায়।

তবু একটি স্ফীত হাসির মতো ভার নড়ে ওঠে আমার 
সর্বশরীর বেয়ে।

​তোমায় আজীবন টেনে নিচ্ছি—
ক্ষুদ্র জোনাক, একটি পাখি কিংবা সৌরভের মতো!

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!