ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৩ নভেম্বর ২০২৬
ইয়াবা সেবন করে মাকে মারধর, ছেলের এক মাসের কারাদণ্ড
লোহাগাড়ায় ইয়াবা সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি দিদার। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা সেবন করে মাকে মারধরের অভিযোগে দিদারুল আলম (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

দণ্ডপ্রাপ্ত দিদারুল আলম উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার কবির আহমদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ছেলের হাতে মারধরের শিকার হওয়ার অভিযোগ নিয়ে তার মা নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। পরে ইউএনও তাকে বিষয়টি দেখার দায়িত্ব দেন। মায়ের জবানবন্দি নেওয়ার পর দিদারুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি দীর্ঘ সাত মাস ধরে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দিদারের মা নাছিমা আক্তার বলেন, তার ছেলে কিছুদিন ধরে ইয়াবা সেবন করে তাকে মারধর করে আসছিল। এমনকি গতকালও তিনি বাড়িতে থাকতে পারেননি। বিষয়টি চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন ও স্থানীয় গ্রামপুলিশকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অভিযোগ করেন।

ছেলেকে সাজা দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নাছিমা আক্তার বলেন, তার ছেলে মাদকে আসক্ত হয়ে পড়েছে। তিনি চান, এ ঘটনার মধ্য দিয়ে ছেলে যেন নিজেকে সংশোধনের সুযোগ পায়।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!