জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ আয়োজনের প্রস্তুতি সভা
জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা প্রতিযোগিতার আয়োজন, ব্যবস্থাপনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সিজন-২ সফল ও উৎসবমুখর করতে জেলা প্রশাসন, ক্রীড়া অফিসসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে জয়পুরহাটের তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত জীবন গঠনে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।