চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
ভোলার চরফ্যাশন উপজেলায় একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার আহমদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোর ও অন্যান্য ট্রলিং সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ভোলার লালমোহন, চরফ্যাশন ও দুলারহাট এলাকার বাসিন্দা রয়েছেন। এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দাও রয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা বোট, ট্রলিং জাল ও সরঞ্জাম এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।