ফটিকছড়ির উন্নয়নে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে এমপির বৈঠক
ফটিকছড়ির সার্বিক উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীমের সঙ্গে বৈঠক করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বৈঠকে উপজেলার উন্নয়ন কার্যক্রম গতিশীল করা এবং অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ ও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
৪ নভেম্বর, বুধবার সংসদ সদস্য সরওয়ার আলমগীরের গ্রামের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফটিকছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় বরাদ্দের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করেন তারা।
এদিকে, একই দিন বিকেলে ফটিকছড়ি বিএনপির চার ইউনিটের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সভায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশবিরোধী যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতার ঐক্য জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বর্তমান সময়েও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী ৮ নভেম্বর ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সফল করতে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, সরোয়ার হোসেন মেম্বার, আবুল খায়ের, আবু মেম্বার, এস এম শফিউল আলম, নাছির উদ্দীন চৌধুরী, ওসমান হোসেন চৌধুরী, এয়াকুব শহিদ, এস এম মুনসুর, ফরিদুল আলম, নুরুল হুদা, মহিন উদ্দিন, আজম খান, হাসানুল কবির, বেলাল মেম্বার, আহমদ রশিদ চৌধুরী, দৌলত মিয়া, জাহেদুল ইসলাম মেম্বার, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিঞ্চ ওমর ফারুক ও সাইফুল হায়দার রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।