সব ষড়যন্ত্র-চক্রান্ত নস্যাৎ হবে, বিএনপি ঐক্যবদ্ধ: এমপি শাহজাহান
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। অনেকেই নানা স্বপ্ন দেখছেন। তবে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও পুরো জাতি ঐক্যবদ্ধ রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান বলেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে সিপাহি-জনতা যেভাবে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, একইভাবে তাঁর সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। তাই কোনো ষড়যন্ত্র-চক্রান্ত সফল হবে না।
তিনি বলেন, জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতির পতাকা বেগম খালেদা জিয়া ধরে রেখেছিলেন। দীর্ঘদিন সরকার ও বিরোধী দলে থেকে তিনি আপসহীনভাবে লড়াই করেছেন, দেশ গড়ার সংগ্রাম করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। তাঁর হাতে থাকা ঐক্যের রাজনীতির পতাকা এখন সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, জিয়ার সৈনিকেরা সব ষড়যন্ত্র নস্যাৎ করে তারেক রহমানের ঐক্যের পতাকা সমুন্নত রাখবেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের বিপ্লব ও সংহতির চেতনায় কাজ করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
সমাবেশে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে আসেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।