রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
.png)
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা। পড়ে গিয়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তারা মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছেন।