আয়কর আইনের খসড়া প্রকাশ করেছে এনবিআর
আয়কর অধ্যাদেশকে সহজীকরণ ও কিছু পরিবর্তন করে আয়কর আইনের খসড়া প্রণয়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আইনটি সংশ্লিষ্টদের মতামত নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।
রোববার রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবন সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত এই খসড়া আইনটি অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য এনবিআর এর ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অংশীজনদের পরামর্শ গ্রহণ করা হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। বর্তমানের আয়কর অধ্যাদেশটি ১৯২২ সালের। একশ বছরের পুরনো এই অধ্যাদেশটি এবার যুগোপযোগী এবং সহজীকরণ করে আইনে রূপান্তর করে খসড়া প্রণয়ন করা হয়েছে।
.png)
অধ্যাদেশটি আগে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা এবং দুর্বোধ্যতা ছিল উল্লেখ করে তিনি জানান, এবার এটিকে বাংলা ভাষায় সহজবোধ্য করে আইন রূপান্তর করা হয়েছে। এখন আইনটিতে করদাতা বান্ধব ও সহজ ভাষায় প্রণয়ন করা হয়েছে, যেন করদাতা ও আইনজীবিসহ সংশ্লিষ্টরা আইনটি সহজেই বুঝতে পারে।