ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, স্থান পেল রাবি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ৮ নভেম্বর ২০২৩
কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাবি, স্থান পেল রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৪ এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র‍্যাংকিংয়ে ১৪০তম অবস্থান অর্জন করে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দেশসেরা ২৪টি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায়  স্থান পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। র‍্যাংকিংয়ে এশিয়ার মধ্যে রাবির অবস্থান ৪৫১-৫০০ এবং দেশের মধ্যে অবস্থান ১২তম।

বুধবার (৮ নভেম্বর) এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা বিষয়ক এ প্রতিষ্ঠানটি। 

প্রতি বছর নভেম্বরের শুরুতে এ তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তালিকায় এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারো প্রথমে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি (বেইজিং)। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

Advertisement

বিশ্ববিদ্যালয় নিয়ে করা র‍্যাঙ্কিংয়ের বিষয়ে অন্যতম একটি প্রতিষ্ঠান কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর বার্ষিক একটি র‍্যাঙ্কিং প্রকাশ করে। এই র‍্যাংকিং প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মধ্যে অ্যাকাডেমিক কার্যক্রম, পিএইচডিধারী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হার বিচার করে এ তালিকা করা হয়।

এ বিষয়ে রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব বলেন, প্রথমবারের মতো আমাদের বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাংকিংয়ে স্থান করে নিয়েছে। যা আমাদের জন্য খুবই গৌরবের। এবছরের শুরু থেকে আমরা র‌্যাংকিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ডেটাগুলো সরবরাহ করার চেষ্টা করেছি এবং সেটারই ফলাফল দৃশ্যমান হচ্ছে এখন। এর আগে টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে আমরা স্থান অর্জন করেছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!