জানা গেছে, চলতি সময় নতুন শিক্ষাক্রমের পরিবর্তন এসেছে মূল্যায়নেও। এখন থেকে সাতটি সূচকে ফলাফল পাবে শিক্ষার্থীরা। যেসব শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে, তাদের মূল্যায়নও একইভাবে হবে।
নতুন শিক্ষাক্রমে সবার উপরের ধাপ অনন্য, আর সর্বনিম্ন স্তর প্রারম্ভিক। রিপোর্ট কার্ডে শিক্ষার্থীদের প্রাত্যহিক শিখনকালীন মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়ন দুটোই উল্লেখ থাকবে।
.png)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মশিউজ্জামান বলেন, একজন শিক্ষার্থী ৭০ শতাংশ শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ না করলে সে ওখানেই ফেল করবে। দুটার বেশি বিষয়ে যার বিকাশমান পর্যায় আছে তাকেও আমরা অনুত্তীর্ণ বলছি। যে একটা বিষয়ে প্রারম্ভিকে আছে তাকেও আমরা অনুত্তীর্ণ বলছি। ফেল করার যেমন শর্ত আছে, তেমনি পাশ করার ক্ষেত্রেও কিছু কিছু আছে এমনিতেই পাশ, কিছু কিছু আছে শর্ত সাপেক্ষে পাশ।
বাড়ানো হয়েছে পরীক্ষার সময়ও। সর্বোচ্চ ৫ ঘণ্টা পর্যন্ত অর্থাৎ একটি স্কুল দিবস। এতে লিখিত অংশের ওয়েটেজ থাকবে ৬৫ শতাংশ, বাকি ৩৫ শতাংশ হবে কার্যক্রমভিত্তিক।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান আরো বলেন, একজন শিক্ষার্থী পোস্টার বানায়, দেয়ালিকা তৈরি করে সেগুলো সবগুলোই তার মূল্যায়নের অংশ। সেগুলো থেকে তার একটা মার্কিং হয় শিখনকালীন মূল্যায়ন। এছাড়া শিক্ষার্থীকে ৬ মাস পরে একবার বা বছর শেষে একবার যে মূল্যায়নটা করা হয় সারা বছরেরটা নিয়ে সেটাকে আমরা বলি সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নের সময়ও তাকে এরকম কিছু এক্সপেরিয়েন্স দেওয়া হয়, এখানে সে কিছু কাজ করে কিছু লেখে। এই দুটোকে মিলিয়েই ঐ ৩৫ শতাংশ ও ৬৫ শতাংশ ওয়েটেজে তাকে মূল্যায়ন করা হয়।