ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বুয়েট ভর্তিতে আবেদন ছাড়িয়েছে ২৫ হাজার, আবেদন শেষ আজ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১৪ ডিসেম্বর ২০২৪
বুয়েট ভর্তিতে আবেদন ছাড়িয়েছে ২৫ হাজার, আবেদন শেষ আজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন আজ শনিবার থেকে শেষ হতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২৫ হাজারের বেশি আবেদন পড়েছে চলতি শিক্ষাবর্ষে।

শনিবার (১৪ ডিসেম্বর) অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন। মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান শেষ হবে ১৫ ডিসেম্বর বেলা ৩টায়। এবারো ভর্তি পরীক্ষা প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। এ জন্য আলাদা ফি দিতে হবে।

Advertisement

জানা যায়, এবার ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে। আর ‘খ’ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। আবেদনকারীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। পরবর্তীতে যে সব আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদেরকে ‘ক’ গ্রুপের জন্য ৮০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ১০০০ টাকা প্রদান করতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরবর্তীতে মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না।

এর আগে গত ৩০ নভেম্বর থেকে শুরু হয় চলতি বছরের আবেদন। চলতি শিক্ষাবর্ষে ২৪ হাজার শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষার সুযোগ পাবেন। ইতোমধ্যে ২৫ হাজারের বেশি আবেদন পড়েছে। শনিবারের আবেদন শেষে, রোববারের মধ্যে পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে এই সংখ্যা আরো বেড়ে যাবে, বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (http://ugadmission.buet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি আসন রয়েছে। প্রথম ধাপের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ জানুয়ারি ও চূড়ান্ত পরীক্ষা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!