ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, চলছে মানববন্ধন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, চলছে মানববন্ধন
সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নেন। এ সময় তারা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান।

Advertisement

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর মধ্যে ছিল—‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠি পাঠ করেন তারা।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, অধ্যাপক সায়েম শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষকরা র‍্যালি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন।

এদিকে বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।

এর আগে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে সর্বাত্মক শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলনে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ রাখা হয়।

শিক্ষার্থীদের ভাষ্য, অধ্যাপক সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ দাবিতে এরই মধ্যে গণস্বাক্ষর, শাটডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!