সায়রা'র অভিনয়ে আজ ঢাকার মঞ্চে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে মানুষ কখনো কখনো পাড়ি দেয় অচেনা পথ, আর সেই পথই তাকে ফিরিয়ে দেয় নিজের কাছে। আত্মঅন্বেষণ, নিয়তি ও স্বপ্নপূরণের এমনই এক প্রতীকী যাত্রার গল্প নিয়ে ঢাকার মঞ্চে আজ মঞ্চস্থ হবে বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলোচিত উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আন্দালুসিয়ার এক তরুণের মিসরীয় পিরামিডের উদ্দেশে দীর্ঘ অভিযানের গল্প নাট্যরূপে জীবন্ত হয়েছে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নাটকে। নাট্যদল এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সায়রা আক্তার জাহান সহ একঝাঁক শিল্পী।
‘দ্য আলকেমিস্ট’ উপন্যাসের মূল বার্তা হলো—‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে।’ এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে নিপুণভাবে।
.png)
এক্টোম্যানিয়ার দলপ্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড় খেলায় এমনভাবে ব্যস্ত হয়ে আছি, প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্মেছি। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের ভেতরে স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে।’
নির্দেশক জানান, নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এরপর আজ ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় দ্বিতীয় এবং সন্ধ্যা ৭টায় তৃতীয় শো মঞ্চস্থ হবে। আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় চতুর্থ এবং সন্ধ্যা ৭টায় পঞ্চম শো অনুষ্ঠিত হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সালাউদ্দিন ইভান, কামরুল তিহান, ফাতেমা ইলমা, সায়রা আক্তার জাহান, মাহবুবা মৌ, সানবি মীর, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী, বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়, দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম, আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।