ন্যান্সি-জাহিদ নিরবের ‘দিওয়ানা দিল’ পাঁচ বছর পর
প্রায় পাঁচ বছর পর আবারও একসঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ নিরব। ‘দিওয়ানা দিল’ শিরোনামের নতুন এই গানটি প্রকাশের মধ্য দিয়ে ফিরেছে দুই শিল্পীর সংগীতজুটি। চরকি অরিজিনাল সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর আইটেম সং হিসেবে প্রকাশিত গানটি ঘিরে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত সিনেমাটির গানটি গত শুক্রবার (৯ অক্টোবর) চরকির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির কথা লিখেছেন জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
গানটি প্রকাশের পর রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রোতাদের এটি শোনার আহ্বান জানান জাহিদ নিরব। একই পোস্টে ন্যান্সির সঙ্গে কাজের স্মৃতিও তুলে ধরেন তিনি।
জাহিদ নিরব জানান, মুন্সীগঞ্জ শিল্পকলার দোতলায় বসে প্রথমবার সরাসরি ন্যান্সির গান শোনার অভিজ্ঞতা আজও তাঁর মনে গেঁথে আছে। সেদিন হাবিব ওয়াহিদ ইলেকট্রিক পিয়ানো বাজাচ্ছিলেন, আর ন্যান্সি গাইছিলেন ‘পৃথিবীর যত সুখ’। সেই মুহূর্তের কথা মনে পড়লে এখনো শিহরিত হন বলে জানান এই সংগীতশিল্পী।
ন্যান্সির সঙ্গে প্রথম দ্বৈত গানের স্মৃতিও ভাগ করে নেন জাহিদ নিরব। ২০২১ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রকল্পের ‘তোমাকে চাই’ গানে প্রথম একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। এরপর জাহিদ নিরবের আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। দীর্ঘ বিরতির পর ‘দিওয়ানা দিল’ দিয়ে আবারও একসঙ্গে কাজ করলেন দুই শিল্পী।
ন্যান্সির কণ্ঠের প্রতি মুগ্ধতা প্রকাশ করে জাহিদ নিরব লেখেন, ‘ন্যান্সি আপু কথা বললেই যেন গান হয়ে যায়!’ প্রকাশের পর গানটি নিয়ে শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, দুই দিনের মধ্যে গানটির ভিউ সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।