ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১১ অক্টোবর ২০২৬
‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন এই সংসদ সদস্য।

রোববার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মানিকছড়ি সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও মাটিরাঙ্গা পৌরসভা একাদশ।

আয়োজকেরা জানান, বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মোট নয়টি দল অংশ নিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। মাদক থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। এ জন্য মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খাগড়াছড়িতে নারী ফুটবলের বিকাশ ও খেলোয়াড় তৈরির লক্ষ্যে একটি নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণাও দেন ওয়াদুদ ভূইয়া।

অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাসহ প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!