চরফ্যাশনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন
‘বাল্যবিবাহ রুখে দিই, কন্যার স্বপ্ন ঘরে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার বিকেলে দক্ষিণ আইচার চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আভাসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থাটির ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ওয়াইইই) কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আভাসের এসআরএইচআর কর্মকর্তা তাসলিমা খানম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চরমানিকা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইব্রাহিম, ইউনিয়ন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ডা. ফরিদা খানম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেন।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা ও উন্নয়নে সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের গুরুত্ব অপরিসীম। সমাজে নারী ও পুরুষের সমান অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
বক্তারা চরমানিকা ইউনিয়নে বাল্যবিবাহের পরিস্থিতি তুলে ধরে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কন্যাসন্তান বাবা-মায়ের বোঝা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা। এ ছাড়া র্যালি, আলোচনা সভা, কুইজ ও রোল প্লের মাধ্যমে কন্যাশিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশের বিষয়গুলো তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় দুর্বার কন্যার সদস্য, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় কিশোরী এবং আভাস প্রকল্পের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।