ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দেশে ফিরেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে সর্বস্ব খোয়ালেন সৌদি প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৪, ১৫ নভেম্বর ২০২৩
দেশে ফিরেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে সর্বস্ব খোয়ালেন সৌদি প্রবাসী
ফাইল ফটো

রাজধানীর ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় ভুয়া ডিবির পরিচয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সর্বস্ব খোয়ালেন আনোয়ার হোসেন (২৮) নামে এক সৌদি প্রবাসী। এ ঘটনায় আনোয়ারসহ তার বোন ও দুলাভাই গুরুতর আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

আহত প্রবাসী আনোয়ারের ভাই মাসুম মিয়া জানান, প্রায় পাঁচ বছর সৌদি থাকার পর বিয়ে করার জন্য আজ দেশে আসে আমার ভাই। তাকে রিসিভ করার জন্য আমার বোন ও তার বড় বিমানবন্দরে যায়। পরে সেখান থেকে সবাই একটি মাইক্রোবাস ভাড়া করে গ্রামের বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাস গতিরোধ করে। প্রাইভেটকার থেকে ৬-৭ জন নেমে পরিচয় দেয় তারা গোয়েন্দা সংস্থা ডিবি’র লোক। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা সবকিছু দিতে বলে তারা। তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ভাই, বোন ও দুলাভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

Advertisement

তিনি আরো বলেন, ছিনতাইকারীরা আমার ভাইয়ের কাছে থাকা নগদ আঠারো হাজার রিয়াল, তিন ভরি স্বর্ণালংকার ও নতুন একটি মোবাইল নিয়ে চলে যায়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। দুলাভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আর আমার ভাই ও বোন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, সকালে তিনজন ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় ঢাকা মেডিকেলে আসে। তাদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন ঢামেকে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!