দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানায়, এ চুক্তির আওতায় ২০২৩ সালের ১১ জানুয়ারি থেকে অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিদের নিয়মিত হতে আবেদন করার সুযোগ দেয় গ্রিস। গত বছরের ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ চুক্তির আওতায় আবেদনের প্রক্রিয়া শেষ হয়।
শর্ত হিসেবে আবেদনকারীকে ন্যূনতম দুই বছর মেয়াদি বাংলাদেশি পাসপোর্ট, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে থেকে গ্রিসে বসবাসের প্রমাণ এবং নিয়মিত হলে চাকরির নিশ্চয়তার প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়।
.png)
অনিয়মিত অভিবাসীদের এথেন্সে বাংলাদেশি দূতাবাসে প্রাথমিক নিবন্ধন পরবর্তীতে গ্রিক সরকারের অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করার নিয়ম রাখা হয়।
গ্রিক কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, সমঝোতা চুক্তির আওতায় ২০২৩ সালে নিয়মিতকরণের জন্য আবেদন করেছেন মোট ১০ হাজার ৩৩৭ জন অনিয়মিত বাংলাদেশি।
এদের মধ্যে বিভিন্ন ক্রুটির কারণে বাতিল হয়েছে এক হাজার ১৯টি আবেদন। তবে প্রত্যাখাত আবেদনগুলোর মধ্যে শর্তপূরণ করে আবারো আপিলের সুযোগ রয়েছে বলে ইনফোমাইগ্রেন্টসকে নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।
গ্রিসে গত বছর প্রাক-নিবন্ধনকারী ব্যক্তিদের মধ্যে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধতার জন্য আবেদন করেছেন ১১৩ জন অনিয়মিত বাংলাদেশি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস