স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো বাংলাদেশিদের দুঃখের যেন শেষ নেই। সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটাতে দেশে গিয়ে বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী। নির্ধারিত মেয়াদের মধ্যে ফেরত যাওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে অনেকেরই ভিসা। আবার সেখানেও কারো কারো হচ্ছে না বৈধ ভিসা রিনিউ। আকস্মিক এই ধাক্কায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের বছরের পর বছর তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৮০০ জন প্রবাসীর ভিসা বাতিল হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এটি কেবল দূতাবাসের হটলাইনে ও মেইলে করা ভুক্তভোগীদের অভিযোগের পরিসংখ্যান। সংশ্লিষ্টদের আশঙ্কা, যারা এখনো মেইল করেননি বা সম্প্রতি যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের যুক্ত করলে এই সংখ্যা আরও অনেক বেশি হবে।
.png)
এই প্রবাসীদের একটি বড় অংশের আমিরাতে রয়েছে নিজস্ব ব্যবসা-বাণিজ্য ও স্থায়ী কর্মসংস্থান। হঠাৎ এভাবে ভিসা বাতিল হয়ে যাওয়ায় এবং পুনরায় ভিসা রিনিউ করতে না পারায় তারা এখন সর্বস্বান্ত হওয়ার উপক্রম।
ছুটিতে দেশে এসে ভিসার মেয়াদ ও স্বয়ংক্রিয় বাতিলের গ্যাঁড়াকলে পড়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সিলেটের শামীম। নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'আমিরাতে কাজ করে পরিবার চালাতাম । ছুটি কাটাতে দেশে এসে শুনি আমার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। এখন সর্বস্বান্ত হওয়ার উপক্রম, বুঝতে পারছি না পরিবার নিয়ে কীভাবে বাঁচব।'
একইভাবে কুমিল্লার শরীফ উদ্দীনের কণ্ঠেও ঝরে পড়ে হতাশা। তিনি বলেন, হঠাৎ করেই ভিসা জটিলতায় পড়ে কর্মস্থলে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। আমার জীবনে মারাত্বক এক বিপর্যয় নেমে এসেছে। আমরা দ্রুত এর একটি সম্মানজনক সমাধান চাই।
বরিশালের নাসির উদ্দিন বলেন, তিল তিল করে গড়ে তোলা ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, যেন যত দ্রুত সম্ভব কূটনৈতিক চ্যানেলে এই সংকটের অবসান ঘটানো হয়।
বিশ্বের অন্যতম এই মানবিক বন্ধুরাষ্ট্রে দ্রুত কর্মস্থলে ফিরতে চান ভুক্তভোগী প্রবাসীরা। এই জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তারা দেশের সরকার এবং প্রধানমন্ত্রীর সরাসরি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রবাসীদের জোরালো দাবি, কূটনৈতিক আলোচনার মাধ্যমে আমিরাত সরকারের সাথে কথা বলে এই ভিসা জটিলতার স্থায়ী সমাধান করা হোক।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেই সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। অথচ ভিসা জটিলতায় আজ এই ৪৮০০ প্রবাসীর ভবিষ্যৎ অন্ধকারে। তাই দ্রুত এই সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা এখন সময়ের দাবি।