ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]
সালতামামি ২০২৩

দেশের প্রযুক্তিখাতে যুক্ত হয়েছে নতুন অনেক কিছুই

নুরুল করিম
প্রকাশিত: ১৫:০৩, ২৪ ডিসেম্বর ২০২৩
দেশের প্রযুক্তিখাতে যুক্ত হয়েছে নতুন অনেক কিছুই
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

২০২৩ সাল ছিল তথ্যপ্রযুক্তিতে আরো বেশি সমৃদ্ধ হওয়ার বছর। নানা কর্মকাণ্ডে পুরো বছরই মুখর ছিল দেশের আইসিটি অঙ্গন। এর মধ্যে যেসব ঘটনা সবচেয়ে বেশি আলোচনা ও আগ্রহের কারণ হয়ে উঠেছে, সেগুলো নিয়েই দেশের তথ্যপ্রযুক্তিখাতের সালতামামি-

বাংলাদেশে জ্যাক মা

২০২৩ সালে ঝটিকা সফরে বাংলাদেশ ঘুরে গেছেন চীনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা এবং শীর্ষস্থানীয় উদ্যোক্তা জ্যাক মা। বেশ গোপনেই তিনি ঢাকা আসেন। একটি চার্টার্ড বিমানে তিনি ২৬ জুন দুপুরের দিকে ঢাকা নামেন, ওঠেন গুলশানের হোটেল রেনেসাঁস’এ। পরদিন দুপুরেই তিনি নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

দেশে প্রথম ‘ন্যাশনাল রোমিং’ চালু

চলতি বছরের ৩১ অক্টোবর দেশে প্রথমবারের মতো ‘ন্যাশনাল রোমিং’ সেবা চালু করা হয়। দেশের কোথাও টেলিটকের নেটওয়ার্ক দুর্বল হলে  তখন ওই এলাকায় বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। আবার এই একই সুবিধা মিলবে বাংলালিংকের গ্রাহকের ক্ষেত্রেও। এই পরিষেবাটি বর্তমানে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, এবং যুক্তরাজ্য সহ অন্যান্য ২২টি দেশে চালু আছে। 

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট

কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা নিয়ে দেশে আসছে স্টারলিংক। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্সের একটি অঙ্গপ্রতিষ্ঠান এটি। গত ৬ ডিসেম্বর, বুধবার জুনাইদ আহমেদ বলেন, ‘নীতিগতভাবে আমি স্টারলিংককে লাইসেন্স দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলেছি। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে গ্রাম, চর ও দ্বীপগুলোয় ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে।’

দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ছুঁইছুঁই

দেশে মোট মোবাইল সংযোগ সংখ্যা ১৯ কোটি ছুঁইছুঁই করছে। বিটিআরসির সর্বশেষ হিসাবে, অক্টোবরে এই সংযোগ দাঁড়িয়েছে ১৮ কোটি ৯৬ লাখ ৭০ হাজারে। অক্টোবর এই সংযোগ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার। আশা করাই যায়, ডিসেম্বরের হিসেবে এই অঙ্ক ১৯ কোটি ছাড়াবে।

দেশে ফাইভজি প্রকল্প

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইভজি উপযোগীকরণ প্রকল্পের বাণিজ্যিক প্রস্তাব উন্মোচন করা হয় গত ৮ নভেম্বর। দরপত্রে অংশগ্রহণকারী রেসপন্সিভ তিন কোম্পানি হুয়াওয়ে, জেডটিই এবং নোকিয়ার মধ্যে হুয়াওয়ে ও নোকিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১৩ পদক জয়

২৪ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল ১ টি গোল্ড পদকসহ ১৩টি পদক জয় করেছে। গোল্ড পদকের সাথে ২ টি সিলভার, ২ টি ব্রোঞ্জ এবং ৮ টি টেকনিক্যাল পদক অর্জন করেছে আমাদের দল। থাইল্যান্ডের ফুকেট শহরে ১২-১৫ জানুয়ারি অনুষ্ঠিত এই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে সারা পৃথিবীর প্রায় ১৫০০ ক্ষুদে রোবটবিদ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

দেশে ট্যুরিস্ট সিম চালু

বিদেশি নাগরিক, উদ্যোক্তা, ভ্রমণকারী ও ব্যবসায়ীসহ বাংলাদেশ ভ্রমণকারীদের জন্য ‘ট্যুরিস্ট সিম’ চালু করেছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। ফলে রোমিংয়ের অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন বাংলাদেশে আসা ভ্রমণকারীরা।

ডেইলি-বাংলাদেশ/এনকে/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!