ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জিন্স পরায় নাতনিকে মেরে সেতু থেকে ফেলে দিল দাদা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ২৩ জুলাই ২০২১
জিন্স পরায় নাতনিকে মেরে সেতু থেকে ফেলে দিল দাদা
ছবিঃ সংগৃহীত

জিন্স পরার অপরাধে এক কিশোরীকে পিটিয়ে মেরে মরদেহ পানিতে ফেলে দিয়েছে তার দাদা। এমনই অমানবিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া’র এক প্রতিবেদনে জানা গেছে, ১৭ বছরের ওই কিশোরী তার বাবার সঙ্গে লুধিয়ানায় থাকতো। কিন্তু সম্প্রতি সে গ্রামের বাড়িতে থাকতে এসেছিল। তার শহুরে পোশাক পছন্দ ছিল না বাড়ির লোকজনের। জিন্স, টপ, ট্রাউজারেই অভ্যস্ত কিশোরীকে তার কাকা ও দাদা কথায় কথায় পোশাক নিয়ে ধমকাতো। এই ধরনের পোশাক সে যেন আর না পরে, এমনই হুমকি দেয়া হচ্ছিল।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো হুমকিকেই পাত্তা দিতো না ওই কিশোরী। সপ্তাহের শুরুতেও ঝগড়া হয়। তারপরও জিন্সই পরছিল ওই কিশোরী। বৃহস্পতিবারও তাই করে। আর তাতেই রেগে যায় বাড়ির লোকজন। এরপর মেয়েটিকে বেধড়ক মারতে থাকে তার দাদা ও কাকা। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়ে মেয়েটি। অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় ওই কিশোরী।

এরপর অভিযুক্তরা নিজেদের অপরাধ ঢাকতে কাছের এক সেতু থেকে ছুড়ে ফেলে দেয় মৃতদেহটি। কিন্তু দেহটি নিচে না পড়ে মাঝপথে ঝুলতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এরপর কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

খবর পেয়ে কিশোরীর মামা কিশোরীর দাদাসহ চার জনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে। এর ভিত্তিতে পুলিশ কিশোরীর দাদা এবং সেতু থেকে ফেলতে সাহায্য করায় অটো চালককে গ্রেফতার করেছে। কিশোরীর কাকা পলাতক আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!